৩১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ, ৭৮২২ কোটি টাকা বকেয়া ৪ অপারেটরের

১১ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:২২  

মোবাইল কলরেট পুনর্নির্ধারণের পরিকল্পনা নেই

বর্তমান প্রচলিত মোবাইল কলরেট আপাতত পুনর্নির্ধারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। একইসঙ্গে ২০২২-২৩ অর্থ বছরে চার মোবাইল কোম্পানি সরকারকে তিন হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (১১ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের ২৪ তম অধিবেশনের প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তরে এমনটাই জানিয়েছেন মোস্তাফা জব্বার।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বর্তমান প্রচলিত মোবাইল কলরেট মার্কেট পর্যালোচনা, আর্থ সামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। 

তিনি বলেন, মোবাইল অপারেটসমূহকে একটি নির্দিষ্ট প্যাকেজ/অফার/বান্ডেলে অন-নেট এবং অফ-নেটের ভয়েস কলের ক্ষেত্রে ট্যারিফের মধ্যে প্যাকেজ ডিজাইন করতে হয়। সর্বোচ্চ করলেট ২ টাকা হলেও অপারেটরসমূহ নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে ১ টাকা মিনিটের কম রেটে বিভিন্ন প্যাকেজ ডিজাইন করে থাকে।

নওগাঁ-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মো. শহিদুজ্জামান সরকারের এক প্রশ্নের লিখিত জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানান, দেশে ৪টি মোবাইল কোম্পানি পরিচালিত হচ্ছে। ২০২২-২৩ অর্থ বছরে কোম্পানিগুলো সরকারকে তিন হাজার ১৭৮ কোটি ৯১ লাখ টাকা রাজস্ব পরিশোধ করেছে। মোবাইল অপারেটরগুলোর কাছে বকেয়ার পরিমাণ ৭ হাজার ৬৯২ কোটি ৬৭ লাখ টাকা। সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে—৬ হাজার ১০১ কোটি ৮১ লাখ টাকা। দ্বিতীয় স্থানে বাংলালিংকের কাছে ৮৮০ কোটি ১৫ লাখ টাকা, রবি আজিয়াটার কাছে ৫৩৯ কোটি ৭৬ লাখ টাকা এবং সিটিসেলের কাছে ১৭০ কোটি ৯৫ লাখ টাকা। এ ছাড়া টেলিটকের কাছে বকেয়া রয়েছে ১২৭ কোটি ৩৬ লাখ টাকা।

একই প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার জানান, টেলিটকের থ্রিজি স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি বাবদ ১ হাজার ৫৮৫ কোটি ৯৩ লাখ টাকা ইক্যুইটিতে কনভার্সনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাধ্যমে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়।

এর পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এবং স্পেকট্রাম চার্জ বাবদ ৩০ কোটি ২০ লাখ টাকা, রেভিনিউ শেয়ার বাবদ ৪৩ কোটি ৮১ লাখ ও এসওএফ (এসওএফ) বাবদ বকেয়া ৪৭ কোটি ৩৫ লাখ টাকাসহ মোট ১২৭ কোটি ৩৬ কোটি টাকা আদায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অধিবেশনে কপিরাইট বিলের ওপর আলোচনায় ফেসবুক, ইউটিউব এবং মোবাইলে নকল ঠেকানোর প্রস্তাব দেন ঠাকুরগাঁও -৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন। এসব মাধ্যমে অশ্লীলতা বন্ধেও দাবি জানান তিনি।